প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১২, ১৩ আগস্ট ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ঢাকায় মার্কিন ব্যবসায়ীরা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা সফরে এসেছে।

বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগত জানানো হয়েছে।

তিনি জানান, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতের যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো বাংলাদেশে নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এসেছে। একই সঙ্গে দুই দেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়াও এ সফরের অন্যতম লক্ষ্য।

এর আগে ঢাকায় এসেছিলেন সার্জিও গর

এর আগে গত ৩০ জুলাই বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে গর গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ‘অবিশ্বাস্য সম্ভাবনা’ রয়েছে। ওষুধ শিল্প থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি—বিভিন্ন খাতে এই সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সেই সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল শিগগিরই ঢাকা সফর করবে বলেও জানিয়েছিলেন সার্জিও গর।

শেয়ার করুনঃ
Advertisement