ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১০:৫২, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণবিক্ষোভ কর্মসূচি থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রার্থী ঘোষণার সময় নাহিদ ইসলাম বলেন, রাজধানীর মানুষ নৈরাজ্য, সন্ত্রাস ও দখলদারত্বের মতো সমস্যার মধ্যে রয়েছেন। এসব পরিস্থিতি থেকে নগরবাসীকে মুক্ত করতে এনসিপি দুই প্রার্থীকে সামনে এনেছে। তাঁরা নির্বাচিত হলে ঢাকাবাসীর সমস্যা সমাধানে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে পরিকল্পনা ও ষড়যন্ত্রের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনে পরাজিত করা হয়েছিল বলে তাঁরা মনে করেন। এবার তাঁকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীরা কাজ করবেন। একইভাবে আসিফ মাহমুদকে নির্বাচনের বাইরে রাখার যে চেষ্টা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে তারও জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা মহানগরবাসীর অধিকার ও দাবি-দাওয়া নিয়ে মাঠে থাকবে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত নেতা-কর্মীরা।

শেয়ার করুনঃ
Advertisement