রাজধানীতে বসছে ’সুপার সেল কার বাজার’, প্রতি শুক্রবারে গাড়ি-বাইক কেনাবেচার সুযোগ
Published : ০২:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার জন্য ‘সুপার সেল কার বাজার’ নামে একটি নতুন মার্কেটপ্লেস যাত্রা শুরু করেছে। গত ৪ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধনী আয়োজনের পর এখন থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে বসবে এই কার বাজার।
ব্যস্ত নগরজীবনে যানবাহন কেনাবেচার সময় ও ঝামেলা কমাতেই এই উদ্যোগ নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান 'উইজার্ড শোবিজ'। আইসিসিবিকে ভেন্যু পার্টনার করে আয়োজিত এই বাজারে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরসাইকেল এবং ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার ব্যবস্থা রাখা হয়েছে।
ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই উদ্যোগ সম্পর্কে উদ্যোক্তারা জানান, একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড, মডেল ও দামের যানবাহনের তথ্য জানার এবং তুলনা করার সুযোগ তৈরি করতেই এই বাজার। এতে ব্যক্তি মালিকানাধীন ব্যবহৃত যানবাহনের পাশাপাশি বিভিন্ন ডিলার, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে। একই সাথে মেলায় যানবাহন কেনাবেচায় মিলছে বিশেষ ছাড়।

































