গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবি বহাল রাখল হাইকোর্ট
Published : ০২:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত প্রায় ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ অর্থবছরের করসংক্রান্ত দাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির করা দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ করবর্ষের আয়কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট তখন রুল জারি করেছিলেন।
চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল দুটি খারিজ করে দেন। এর ফলে এনবিআরের দাবিকৃত প্রায় ৬৬৬ কোটি টাকার কর আইনগতভাবে বহাল থাকল।
রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী অ্যাডভোকেট খাজা তানভীর সাংবাদিকদের বলেন, এনবিআরের কর দাবি চ্যালেঞ্জ করে করা রিট আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। ফলে এনবিআরের দাবিকৃত অর্থ বহাল রয়েছে।
এর আগে, ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ-সংক্রান্ত পূর্বের একটি রায় প্রত্যাহার করেছিলেন। পরে বিষয়টি পুনর্মূল্যায়নের জন্য প্রধান বিচারপতির মাধ্যমে নতুন বেঞ্চে পাঠানো হয়। শুনানি শেষে বৃহস্পতিবার বর্তমান বেঞ্চ রায় ঘোষণা করেন।





























