আইসিসিবিতে তৃতীয় সপ্তাহে ‘সুপার সেল কার বাজার’
Published : ১৮:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর অন্যতম আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে জনপ্রিয় ‘সুপার সেল কার বাজার’। সফল প্রথম দুই সপ্তাহের পর আগামী শুক্রবার সকাল ১০টা থেকেই আবারও ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।
উইজার্ড শোবিজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ হাটে নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোটরসাইকেল প্রদর্শন ও কেনাবেচার সুযোগ থাকছে। একই স্থানে বিভিন্ন ধরনের যানবাহন দেখার সুযোগ থাকায় ক্রেতাদের মধ্যে আয়োজনটি ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে আয়োজনটির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের মতে, আইসিসিবির সুবিন্যস্ত পরিবেশ ও উন্নত অবকাঠামোর কারণে এক ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি ও মোটরসাইকেল ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এতে নিজেদের বাজেট ও প্রয়োজন অনুযায়ী একাধিক যানবাহন তুলনা করে সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে।
পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রেও আইসিসিবি একটি সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।
দেশের ক্রমবর্ধমান অটোমোবাইল বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও আন্তর্জাতিক মানের একটি ভেন্যুর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন আয়োজকরা। তাঁদের মতে, আইসিসিবির অবকাঠামোগত সুবিধা এ ধরনের আয়োজনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করেছে।
আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও সার্ভিস প্রোভাইডারদের অংশগ্রহণ থাকায় পুরো আয়োজনটি একটি সমন্বিত অটোমোবাইল মার্কেটপ্লেসের রূপ পেয়েছে।
আয়োজক উইজার্ড শোবিজের সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি ভেন্যু পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।
আয়োজকদের প্রত্যাশা, আইসিসিবির আধুনিক সুযোগ-সুবিধা ও প্রিমিয়াম ভেন্যু সুবিধার কারণে ‘সুপার সেল কার বাজার’ নিয়মিত ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে গড়ে উঠবে।
































