বসুন্ধরা স্পোর্টস সিটিতে আজ বসছে ‘ZFC 2: Pride of Bangladesh’

বসুন্ধরা স্পোর্টস সিটিতে আজ বসছে ‘ZFC 2: Pride of Bangladesh’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ‘Zulcan Fighting Championship (ZFC) 2: Pride of Bangladesh’। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের সাত দেশের ফাইটাররা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো—বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়া।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক ফাইটাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাইটারদের অফিসিয়াল ওজন নেওয়া হয় এবং এরপর প্রতিপক্ষ খেলোয়াড়দের মুখোমুখি করা হয়। পরে সাংবাদিক ও আয়োজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এতে তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান উপস্থিত ছিলেন।

গত এপ্রিলে সফলভাবে অনুষ্ঠিত ‘ZFC 1: The Takeover’-এর ধারাবাহিকতায় এবারের আসরে মোট ১০টি বাউট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাঁচটি বাউট হবে বিভিন্ন শিরোপার জন্য।

টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ‘Bare-Knuckle Boxing’ বাউট। তিন রাউন্ডের এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার উইল চপ (Will Chope) মুখোমুখি হবেন ইরানের মোস্তফা আশুরির (Mostafa Ashouri)।

মেইন ইভেন্টে WMO Asia Muay Thai শিরোপার জন্য পাঁচ রাউন্ডের লড়াইয়ে মুখোমুখি হবেন বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও এবং থাইল্যান্ডের থানাপাত থিতাম।
কো-মেইন ইভেন্টে ছয় রাউন্ডের ZFC Boxing Championship-এর লড়াইয়ে বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা প্রতিদ্বন্দ্বিতা করবেন ইন্দোনেশিয়ার কুন্দিমাং-এর বিপক্ষে।

এ ছাড়া ZFC Muay Thai Championship-এর লড়াইয়ে বাংলাদেশের মুহাম্মদ রশিদ মুখোমুখি হবেন মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইয়ের। আর ZFC Boxing Championship-এর আরেক লড়াইয়ে সিঙ্গাপুরের শন রাফায়েল সানির প্রতিপক্ষ বাংলাদেশের সিরাজুল রাব্বি।

অন্যান্য বাউটের মধ্যে প্রো-এমএমএতে লড়বেন বাংলাদেশের মঞ্জুর আলম ও ইন্দোনেশিয়ার ফিলিপাস রাঙ্গা।
নারী পেশাদার বক্সিংয়ের ছয় রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত মুখোমুখি হবেন মালয়েশিয়ার মেরেডি মাইকেল-এর।

পেশাদার বক্সিংয়ের আরও দুটি বাউটে বাংলাদেশের রাকিব হোসেন লড়বেন ইন্দোনেশিয়ার ডেডি ইমপ্র্যাক্স-এর বিপক্ষে। অন্যদিকে সিঙ্গাপুরের ডোনোভান ম্যাকইন্টাইয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের গনাদান চাকমার।

দিনের প্রথম বাউটে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গাজী আরনাজ ও শম্পা ইসলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, নারী পেশাদার বক্সিং ছাড়া অন্যান্য সব বাউটের প্রতিটি রাউন্ডের সময় নির্ধারণ করা হয়েছে তিন মিনিট। মেইন ইভেন্টে রাউন্ডের মধ্যবর্তী বিরতি থাকবে দুই মিনিট এবং অন্যান্য বাউটে এক মিনিট।

টিবিজি কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সুযোগ তৈরি এবং কমব্যাট স্পোর্টসে দেশের প্রতিনিধিত্বকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই জুলকান ইনডোর এরিনা নির্মাণ ও এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
আয়োজকদের মতে, আন্তর্জাতিক ফাইটারদের অংশগ্রহণের মাধ্যমে ZFC বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের সঙ্গে বৈশ্বিক অঙ্গনের একটি সংযোগ তৈরি করবে এবং দেশের উদীয়মান ফাইটারদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।

শেয়ার করুনঃ
Advertisement