জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০ কোটি ঘনফুটের বেশি
Published : ২১:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। দেশীয় উৎসের গ্যাসের পাশাপাশি আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পেট্রোবাংলা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব।
পেট্রোবাংলার তথ্যানুযায়ী, এদিন সরবরাহ করা গ্যাসের মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট। আর আমদানি করা এলএনজি থেকে সরবরাহ হয়েছে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট।
পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে গ্যাসের প্রাপ্যতা বাড়াতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করা হচ্ছে। দেশীয় উৎপাদন ও এলএনজি সরবরাহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে গ্যাসের ঘাটতি মোকাবিলার চেষ্টা চলছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ কোটি ঘনফুট। এর বিপরীতে সোমবার জাতীয় গ্রিডে সরবরাহ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট এবং রোববার ছিল ২৩৩ দশমিক ১৯ কোটি ঘনফুট।
মঙ্গলবারের সরবরাহ আগের দিনের তুলনায় ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট এবং রোববারের তুলনায় ২৭ দশমিক ৪১ কোটি ঘনফুট বেশি।
সরবরাহ বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সারসহ গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহ পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



























