নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Published : ১১:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। বার্তায় তিনি মোদির সুস্বাস্থ্য ও উদ্যম কামনা করেন এবং ভারতের জনগণের প্রতি তাঁর সেবার কথা উল্লেখ করেন।
তারেক রহমানের শুভেচ্ছার জবাবে এক্সে নরেন্দ্র মোদি লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার আন্তরিক কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি ৭৬তম জন্মদিন পালন করেন।



























