শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন: জুবাইদা রহমান
Published : ১৭:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিশুদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুর জীবন অসংখ্য সম্ভাবনায় ভরপুর। তাদের জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের নিশ্চয়তা এবং প্রকৃতির মাঝে খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, কন্যাশিশুদের উচ্চতর স্তরের শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে।
দেশের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে, তা নিশ্চিত করা সবার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, পরিবারে যেমন প্রতিটি শিশু মূল্যবান, তেমনি সমাজ ও রাষ্ট্রের কাছেও তারা গুরুত্বপূর্ণ সদস্য।
জুবাইদা রহমান বলেন, শিশুদের আকাশচুম্বী স্বপ্ন ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাই তাদের পাশে রয়েছে।
স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করে তিনি বলেন, অনুষ্ঠানে শিশুরা তাদের প্রতিভা ও সক্ষমতার পরিচয় দিয়েছে। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা আরও ভালো কিছু করতে পারবে। দলবদ্ধভাবে কাজ করার যে শিক্ষা তারা পেয়েছে, তা খেলাধুলাসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এ ধরনের শিক্ষা শিশুদের ভবিষ্যৎ গঠনে আত্মবিশ্বাস ও মনোবল বাড়াবে। একদিন তারা নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন জুবাইদা রহমান। নারীর ক্ষমতায়নে সংগঠনটির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নান্দনিক কারুশিল্প তৈরি করছেন, যা নারীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এর আগে তিনি ব্লু স্কাই স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।



























