বেঙ্গল ইসলামি লাইফের ২% নগদ লভ্যাংশ অনুমোদন
Published : ১৪:৫৬, ৪ অক্টোবর ২০২৬
রাজধানীর বনানী ক্লাবে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
একই সঙ্গে বীমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকা বীমা অঙ্কের বিপরীতে ৩৩ টাকা রিভার্শনারি বোনাস এবং ১৫ টাকা টার্মিনাল বোনাস ঘোষণা করেছে কোম্পানিটি।
কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম কোম্পানির ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং শরিয়াহ প্রতিবেদন উপস্থাপন করেন। পরে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দুটি অনুমোদন করা হয়।
এজিএমে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের সমর্থনে মোস্তফা আজাদ চৌধুরী চেয়ারম্যান এবং মো. আমিন হেলালী ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন। পাশাপাশি ২০২৬ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নিরীক্ষক বা অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মোস্তফা আজাদ চৌধুরী কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও ধারাবাহিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন। তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রগতি আরও বাড়বে বলে আশাবাদ প্রকাশ করেন।
প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেঙ্গল ইসলামি লাইফ শরিয়াহভিত্তিক মূল্যবোধ, দেশের প্রচলিত আইন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নীতিমালা অনুসরণ করছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন এবং সেবার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও জানান তিনি।
কোম্পানির অগ্রযাত্রায় পরিচালক, শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

































