মা ও তিন মেয়ে খুন: লক্ষ্মীপুরে জানাজা শেষে লাশ নেওয়া হল কুমিল্লায়
Published : ২১:১৯, ২৬ জুন ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার মা ও তার তিন মেয়ের জানাজা সম্পন্ন হয়েছে। পরে তাদের মরদেহ দাফনের জন্য কুমিল্লার হোমনা উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে মরদেহগুলো কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে দাফনের জন্য নেওয়া হয়।
নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফা (১০)।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে দ্রুত হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতদের চিৎকার শুনে স্থানীয় এক নারী জানালা দিয়ে একজনকে ঘরের ভেতরে দেখতে পান। পরে তিনি বাইরে থেকে বাসার গেট বন্ধ করে দেন এবং আশপাশের লোকজনকে খবর দেন। এতে অন্তর মজুমদার নামে এক ফল ব্যবসায়ী ভবনের ভেতরে আটকা পড়েন।
পরে স্থানীয়রা ঘরে ঢুকে চারজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় অন্তর মজুমদার ছাদ দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। পরে তিনিও মারা যান।

































