ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি
Published : ১৩:২৪, ৬ সেপ্টেম্বর ২০২৬
দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম ঠাকুরগাঁও সফর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি ঠাকুরগাঁওয়ে এসে পৌঁছান। তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। সফরের প্রথম দিনে তিনি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সফরের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়াও এই সংক্ষিপ্ত সফরে রাষ্ট্রপতির বাবা-মায়ের কবর জিয়ারত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং সরকারি দপ্তরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি চলছে রঙের কাজ।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বাসসকে জানান, মহামান্য রাষ্ট্রপতি ঠাকুরগাঁও আসছেন এই খবর শোনার পর তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। তাকে বরণ করতে এবং এক পলক দেখতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
































