ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
Published : ১৭:৫৩, ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০টি বাড়ি ও ৮টি দোকান ভাঙচুর করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় চলে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত।
আহতদের মধ্যে মাসুদুর রহমান মনা, মফিজুর ইসলাম, মনিরুল, লাভলু ও শামীম হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে রেজাউল ইসলাম ওরফে রেজা ডাকাত এলাকা ছেড়ে ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি ও তাঁর সমর্থকেরা এলাকায় ফিরে আসেন। এরপর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়।
এই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার কাশিপুর ক্লাব মোড় এলাকায় কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লান্টুর মার্কেটসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান রেজাউল ইসলামের সমর্থকেরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেদেপল্লীতে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে বলেও জানান তিনি। এলাকায় শান্তি ফেরাতে সন্ধ্যায় রাজনৈতিক নেতা ও স্থানীয় বেদেপল্লীর বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।






























