নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ ছবি: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

Published : ১৩:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় পিকনিকের নৌকা হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ প্রায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভেড়ামারার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

নিহত রাকিবুজ্জামান রকি শৈলকূপা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে পিকনিকের একটি নৌকা তীব্র স্রোতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

পরে নৌকাটি স্রোতের সঙ্গে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়। এ ঘটনায় রাকিবুজ্জামান রকিসহ তিনজন নিখোঁজ হন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, শনিবার খুলনা থেকে ডুবুরি দল এসে পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি রাকিবুজ্জামান রকির বলে শনাক্ত করা হয়।

রাকিবুজ্জামান রকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্বজন ও সহকর্মীরা জানান, পিকনিকের নৌকায় ওঠার পর রকি একটি ছবি তুলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিটিই এখন তাঁর শেষ ছবি হিসেবে পরিচিত হয়ে উঠেছে। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা।

শেয়ার করুনঃ
Advertisement