বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ
Published : ১৩:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রানা নোয়াখালীর মাইজদী শহরের মৃত আব্দুর রবের ছেলে। তিনি রাজধানীর নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় থাকেন এবং পেশায় একজন গাড়িচালক। গুলিবিদ্ধ অবস্থায় রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
রানা জানান, শনিবার বাড্ডায় তার ভাই জয়য়ের বাসায় দাওয়াত খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১০টার দিকে বাসার ভেতরের দরজায় ধাক্কার শব্দ শুনতে পান তারা। ভেতর থেকে জিজ্ঞাসা করা হলেও বাইরে থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। পরে জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল দরজার দিকে এগিয়ে যান।
এ সময় হঠাৎ ভেতরের দরজা দিয়ে স্থানীয় তামিমসহ আরও দুজন বাসায় প্রবেশ করেন বলে অভিযোগ করেন রানা। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তামিম রানাের ডান হাঁটুর ওপর গুলি করে দ্রুত পালিয়ে যান বলে দাবি করেন তিনি।
রানা অভিযোগ করে বলেন, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠানে তামিম নিয়মিত চাঁদা দাবি করতেন। তিনি বিষয়টি ভাইকে জানিয়ে তামিমকে আর কোনো চাঁদা না দেওয়ার কথা বলেছিলেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে তামিম তাকে গুলি করে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।
রানা আরও দাবি করেন, অভিযুক্ত তামিমের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলাও রয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বাড্ডার একটি বাসায় গুলিবিদ্ধ হওয়ার পর রানা নামে এক যুবক হাসপাতালে আসেন। তার ডান পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
































