কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল আটক

কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল আটক ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

Published : ১০:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিনবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ছাত্র-জনতার ওপর হামলায় বকুল মদদ দিয়েছিলেন—এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাম্প্রতিক সময়ে তিনি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সংগঠিত করার চেষ্টা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছে পুলিশ।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

হোসনে আরা বকুল কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement