চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা দিতে রাজি না হওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, দেশে কোনো সরকার আছে কি না। একই সঙ্গে তিনি দাবি করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

এর আগে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে নিউগিনি হাউজিং প্রকল্প এলাকায় একদল মুখোশধারী ব্যক্তি হামলা চালায় বলে স্থানীয়দের বরাতে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শতাধিক ব্যক্তি চারটি পিকআপ ভ্যানে করে দক্ষিণ মানিকদীর নির্মাণাধীন আবাসিক এলাকায় প্রবেশ করে।

স্থানীয়দের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। হামলার সময় বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাগুলোও ভেঙে ফেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্যাপকভাবে ভাঙচুরের শিকার হয়।

চাঁদা দাবির বিষয়টি এবং হামলার সঙ্গে এর সরাসরি যোগসূত্রের অভিযোগ আসিফ মাহমুদের বক্তব্যে উঠে এলেও, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য ও বিস্তারিত তদন্তের তথ্য এখনো জানা যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement