বন্দরে স্বর্ণের দোকানে দিনদুপুরে ডাকাতি

বন্দরে স্বর্ণের দোকানে দিনদুপুরে ডাকাতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ঢুকে ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং ২ থেকে ৩শ ভরি রুপা লুট হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী দেবাশীষ ঢালীর দোকানে ১০ থেকে ১২ জনের একটি দল ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়েছে।

দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, ডাকাত দলের সদস্যরা দোকানে প্রবেশের পর তাকে মারধর করে ভয়ভীতি দেখায়। এ সময় দোকানে থাকা এক কাস্টমারের কাছ থেকে প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণ নেওয়া হয়। পরে দোকানের সিন্ধুক ও ড্রয়ারে রাখা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং আনুমানিক ২ থেকে ৩শ ভরি রুপা নিয়ে যায় তারা।

ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ভুক্তভোগী এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement