সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা: মাহদী আমিন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা: মাহদী আমিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সরকারের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম বা অনিয়মে জড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং রাজধানীর ইসিবি এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাহদী আমিন সরকারের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড চালালে তাকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে মাহদী আমিন বলেন, সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণসহ সফরের বিভিন্ন কর্মসূচিকে তিনি ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে ১১টি ছিল বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক শান্তির মতো বিষয় আলোচনায় আসে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

সফরে বোয়িংয়ের সঙ্গে বিমানের ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তিও হয়। মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর প্রয়োজন বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, চুক্তিটি কোনো চাপের কারণে নয়; বাংলাদেশের প্রয়োজন ও দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনায় নিয়েই করা হয়েছে। দেশের স্বার্থই প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে অগ্রাধিকার পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শনিবার নিউইয়র্ক থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার পথে রওনা হন প্রধানমন্ত্রী। ২৬ সেপ্টেম্বর রাতে তার ফ্লাইট দুবাই পৌঁছায় এবং সেখান থেকে ২৭ সেপ্টেম্বর ভোরে ঢাকার উদ্দেশে যাত্রা করে। সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে।

শেয়ার করুনঃ
Advertisement