নওগাঁয় বাসচালককে মারধরের অভিযোগে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় বাসচালককে মারধরের অভিযোগে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি চলছে। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে একটি বাসের চালক ও সহকারীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার চালকের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

আহত দুজনকে প্রথমে পত্নী­তলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চালক রুবেল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল থেকেই অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রোববার সকাল থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়াসহ কয়েকটি রুটেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চলবে।

বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। রোববার দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে কোনো বাস ছাড়তে দেখা যায়নি। একই সময়ে সিএনজিচালিত অটোরিকশার চলাচলও ছিল সীমিত। ফলে অনেক যাত্রী ইজিবাইকে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

যাত্রীদের অভিযোগ, বিকল্প যানবাহনে যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এক যাত্রী জানান, নওগাঁ থেকে মান্দার ফেরিঘাটে বাসে যেখানে প্রায় ৫০ টাকা ভাড়া লাগে, সেখানে ইজিবাইকে ভাড়া দিতে হচ্ছে প্রায় ১০০ টাকা। এ ছাড়া বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে বলেও জানান তিনি।

বাস মালিক এনামুল হক বলেন, যাত্রী ওঠানো নিয়ে বাসচালক ও অটোরিকশাচালকের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে নজিপুর এলাকায় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও দাবি করেন, নির্ধারিত সময়ের বাইরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা শহরের বাইরে এবং আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করে। এ নিয়ে বাসশ্রমিকদের সঙ্গে প্রায়ই বিরোধ তৈরি হয়। তাঁর মতে, মহাসড়কে এসব যান চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এ বিষয়ে স্থায়ী সমাধান প্রয়োজন।

শেয়ার করুনঃ
Advertisement