মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা রোমার, দুশ্চিন্তায় দিবালা-মোলিনা
Published : ১৮:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া লিওনেল মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন তাঁর ২০২২ বিশ্বকাপজয়ী সতীর্থরা। তবে আর্জেন্টিনার হয়ে মাঠে নামার বদলে দর্শক হিসেবে ম্যাচটি দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলেও পাওলো দিবালা ও নাহুয়েল মোলিনার আর্জেন্টিনা সফর নিয়ে আপত্তি জানিয়েছে তাদের ক্লাব রোমা। ইতালির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি দুজনকে সফরে যেতে দিতে চাইছেন না।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলবেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, মেসির বিদায়ী ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ রয়েছে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে দলটি। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে মুখোমুখি হবে বুরকিনা ফাসোর। মেসি এই দুই ম্যাচে খেলবেন না; তাঁর বিদায়ী ম্যাচটি হবে বেনিনের বিপক্ষে।
ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, দিবালা ও মোলিনা দুজনই মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন। তবে রোমা কোচ গাসপেরিনি চান না, দুই ফুটবলার দীর্ঘ আন্তমহাদেশীয় যাত্রা করে তিন দিনের অনুশীলন মিস করুন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইতালি থেকে আর্জেন্টিনায় যেতে প্রায় ১৪ ঘণ্টা লাগে।
আন্তর্জাতিক বিরতির পর ১১ অক্টোবর কোমোর বিপক্ষে সিরি আ’র ম্যাচ খেলবে রোমা। এর পরের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার কথা দলটির। এই সূচির কথা বিবেচনায় নিয়েই দিবালা ও মোলিনাকে সফরের অনুমতি দিতে অনিচ্ছুক গাসপেরিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয় বলে ইতালীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগামী ম্যাচগুলোর জন্য স্কালোনির ঘোষিত আর্জেন্টিনা দলে জায়গা পাননি দিবালা। অন্যদিকে, বিশ্বকাপ ফাইনালের পর মাঠের আচরণসংক্রান্ত ঘটনায় ফিফার সাত ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মোলিনা। তাই দুজনেরই মেসির বিদায়ী ম্যাচে খেলার পরিবর্তে দর্শক হিসেবে উপস্থিত থাকার কথা।
































