শেষ ম্যাচেও হার বাংলাদেশের মেয়েদের, চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে পরাজয়

শেষ ম্যাচেও হার বাংলাদেশের মেয়েদের, চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে পরাজয় ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৩:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে জয়হীনভাবেই অভিযান শেষ করল বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে দলটি। পাঁচ ম্যাচে এক ড্র ও চার হারে আসর শেষ করেছে বাংলাদেশ।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে ইউ-থিং হুয়াংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। ১৯ ও ২৪ মিনিটে কনা আক্তারের জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। এরপর ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ইউ-থিং হুয়াং। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।

জুনিয়র এশিয়া কাপে ভালো করা দলের ১৩ খেলোয়াড় ছিলেন এবারের স্কোয়াডে। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। এর আগে চীনের কাছে ১৩-০, দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ এবং মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে চতুর্থ ম্যাচে ৩-৩ গোলে ড্র করে একমাত্র পয়েন্টটি পায় তারা।

শেয়ার করুনঃ
Advertisement