সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারীসহ চারজন গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারীসহ চারজন গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

ওসি গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। তাঁর ভাষ্য, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে গেট নির্মাণ করে অন্যদের চলাচলে বাধা দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।

পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি।

রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান জানান, কিছুক্ষণ আগেই সেখানে হামলা হয়েছে এবং স্টুডিওটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনটির মালিক হয়ে থাকতে পারেন এবং তাঁর কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে। তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঘটনাটি জমি ও চলাচলের বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট।

ওসি জানান, হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

শেয়ার করুনঃ
Advertisement