ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড
Published : ১৩:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। ম্যাচটি বর্জন করা হবে কি না, তা নিয়ে খেলোয়াড়দের দীর্ঘ আলোচনার পর ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে খেলার সিদ্ধান্ত হয়েছে। রোববার রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে উয়েফা নেশনস লিগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচকে ঘিরে কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। গাজা সংঘাতের প্রতিবাদে আয়ারল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছিল বিভিন্ন মহল থেকে। শনিবার সকালে দলের সদস্যরা প্রায় চার ঘণ্টা আলোচনা করেন। এ সময় নির্ধারিত অনুশীলন ও সংবাদ সম্মেলনও পিছিয়ে যায়।
পরে সংবাদ সম্মেলনে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কাউরেল জানান, খেলোয়াড়দের ভোটে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা ম্যাচ খেলার পক্ষে মত দিয়েছেন। তবে দলের একজন খেলোয়াড় ম্যাচটি খেলতে অস্বস্তি প্রকাশ করে স্কোয়াড ছাড়ার সিদ্ধান্ত নেন।
কাউরেল জানান, গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলবেন আইরিশ ফুটবলাররা। পাশাপাশি ম্যাচের আগে ও পরের কিছু আনুষ্ঠানিকতায়ও প্রতীকী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচের সূচি প্রকাশের পর থেকেই আয়ারল্যান্ডে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রথম ম্যাচটি ইসরায়েলের ‘হোম’ ম্যাচ হিসেবে হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টোবর আয়ারল্যান্ডের নির্ধারিত হোম ম্যাচটি হবে সার্বিয়ার বাচকা টোপোলায়, দর্শকশূন্য স্টেডিয়ামে।

































