শিবগঞ্জে আদম ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

শিবগঞ্জে আদম ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Published : ১১:৩৮, ৫ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. বাবুল আক্তার (৩৫) নামে এক আদম ব্যবসায়ীকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে কর্মী পাঠানো এবং রাশিয়ায় যুদ্ধে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় বাবুল আক্তারকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল আক্তার দাইপুখুরিয়ার বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন। পাশাপাশি বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রোববার বিকেল ৬টার দিকে বাড়ির কাছের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির, কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে কলমোগাড়া এলাকায় নিয়ে তার হাত-পা বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।

একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বাবুল আক্তার এলাকার এক ব্যক্তিকে রাশিয়ায় পাঠিয়েছিলেন। ওই ব্যক্তি সেখানে যুদ্ধে গিয়ে মারা যান। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা হলেও দুই পক্ষের মধ্যে বিরোধ রয়ে গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।

ওসি বলেন, ওই বিরোধের জের ধরে রাশিয়ায় নিহত যুবকের পক্ষের লোকজন বাবুলকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement