রঞ্জি ট্রফিতে চিন্ময় সুতারের অপরাজিত ৪০০, ৭৮ বছর পর ইতিহাস

রঞ্জি ট্রফিতে চিন্ময় সুতারের অপরাজিত ৪০০, ৭৮ বছর পর ইতিহাস ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৭:২৩, ২০ অক্টোবর ২০২৬

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রানের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়েছেন ভারতের চিন্ময় সুতার। রঞ্জি ট্রফিতে মিজোরামের হয়ে নাগাল্যান্ডের বিপক্ষে ৪০০ রানে অপরাজিত থাকেন ২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ইনিংসে ৪০০ রানের কীর্তি গড়লেন তিনি।

সোমবার নাগাল্যান্ডের সোভিমায় রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে চিন্ময়ের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে মিজোরাম। ৫১৭ বলের ইনিংসে ৪৬টি চার ও ৭টি ছক্কা হাঁকান চিন্ময়। তাঁর ব্যাটে ভর করেই ম্যাচের প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত লড়াই চালিয়ে যায় দলটি।

শেষ উইকেটে লালরেমপুইয়া চাকচুয়াককে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি গড়েন চিন্ময়। এই জুটিতে তাঁর অবদান ১৬৯ রান। ১১ নম্বরে ব্যাট করতে নামা চাকচুয়াক ৭৬ বল খেলে ১৪ রানে অপরাজিত থাকেন। নবম উইকেটের পতনের সময় চিন্ময়ের রান ছিল ২৩১। এরপর শেষ উইকেটে আরও ১৬৯ রান যোগ করে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি।

রঞ্জি ট্রফিতে এর আগে এক ইনিংসে ৪০০ রানের বেশি করার কীর্তি ছিল কেবল মহারাষ্ট্রের বিবি নিম্বালকরের। ১৯৪৮-৪৯ মৌসুমে কাথিয়াওয়ারের বিপক্ষে অপরাজিত ৪৪৩ রান করেছিলেন তিনি। দীর্ঘ ৭৮ বছর পর এবার সেই তালিকায় নাম লেখালেন চিন্ময়। তবে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো নিম্বালকরের দখলেই রয়েছে।

মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে চিন্ময়ের। চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। পরে মিজোরামে যোগ দিয়ে এই মৌসুমেই রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। অভিষেক ম্যাচে মণিপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে আউট হন চিন্ময়। এবার নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচেই ৪০০ রানের অনন্য কীর্তি গড়লেন এই ব্যাটার।

শেয়ার করুনঃ
Advertisement