কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: আত্মগোপনে থাকা অভিযুক্ত ইমন গ্রেপ্তার
Published : ১০:৪২, ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর আত্মগোপনে চলে গেলেও তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার নানাবাড়ি থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ছাত্রী জাকিয়াকে ছুরিকাঘাতের পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা ‘লিলি গার্ডেন’ ভবনের বাসা ছেড়ে পালিয়ে যান। সোমবার রাত ১০টার দিকে ওই ভবনে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইমন পাটিকাবাড়িতে তার নানাবাড়িতে অবস্থান করছেন। ওসি জাকির হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথম দফায় পালিয়ে যান তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন।
এর আগে সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় হামলার শিকার হয় ওই স্কুলছাত্রী। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে এক কিশোর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এতে শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে সে আশঙ্কামুক্ত।
সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীকে শনাক্ত করে পুলিশ অভিযান শুরু করে। হামলার পর ইমন নিজের বাসার বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলা হবে। এর মাধ্যমে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা করা হবে।

































