বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ
Published : ১০:৩৫, ১০ নভেম্বর ২০২৬
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল পিকেটার হঠাৎ গাড়িদহ এলাকায় মহাসড়কে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে। একপর্যায়ে একটি ভ্যানের ওপর রাখা বস্তা ও চটে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
অন্যদিকে, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ ও পিকেটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছে আসেনি।
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

































