নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১ ছবি: সংগ্রহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : ১২:১২, ২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাতভর পুলিশ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদসহ চারজন। এ ছাড়া এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় ডেভিড পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার পায়ে গুলি লাগে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তার। দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুনঃ
Advertisement