আত্মসমর্পণ করতে চান ‘শুটার রায়হান’, নতুন মামলায় ফাঁসার আশঙ্কা

আত্মসমর্পণ করতে চান ‘শুটার রায়হান’, নতুন মামলায় ফাঁসার আশঙ্কা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪১, ২৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় আলোচনায় আসা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’ আত্মসমর্পণ করতে চান। তবে আত্মসমর্পণের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নতুন মামলায় জড়ানো এবং দীর্ঘদিন কারাগারে থাকার আশঙ্কায় সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে ফোনে কথা বলেছেন রায়হান।

বুধবার (২৫ নভেম্বর) ওই কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। একই দিন অতিরিক্ত পুলিশ সুপারও তাঁর ফেসবুক অ্যাকাউন্টে কথোপকথনের অডিও প্রকাশ করেন। এতে আত্মসমর্পণের আগ্রহের পাশাপাশি নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায় রায়হানকে। অন্যদিকে, পুলিশ কর্মকর্তাকে তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানাতে এবং নিরাপত্তার আশ্বাস দিতে শোনা যায়।

ফোনালাপে রায়হান বলেন, তিনি আত্মসমর্পণ করতে চান। তবে এখন আত্মসমর্পণ করলে দীর্ঘদিন কারাগারে থাকতে হতে পারে বলে আশঙ্কা করছেন। ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে নতুন মামলায় তাঁকে জড়ানো হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা তুলে ধরে রায়হান বলেন, এখন আত্মসমর্পণ করলে আট থেকে দশ বছর তাঁকে কারাগারের বাইরে থাকতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় এলে বিএনপি মামলা দেবে, আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে আওয়ামী লীগ মামলা দেবে—এমন পরিস্থিতিতে তিনি কোন পথে যাবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ তাঁকে নিরাপত্তার আশ্বাস দেন। তিনি বলেন, আত্মসমর্পণ করলে রায়হানের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বর্তমানে যেসব মামলা রয়েছে, সেগুলোর বাইরে অপ্রয়োজনীয় নতুন কোনো মামলায় তাঁকে জড়ানো হবে না। পুলিশ কর্মকর্তা তাঁকে নিজের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান।

তবে পুলিশের আশ্বাসের পরও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি রায়হানের। তিনি জানান, এর আগেও আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল। এবারও একই পরিস্থিতির আশঙ্কা করছেন তিনি। কথোপকথনে নিজের অবস্থান শনাক্ত করতে হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে খোঁজ নেওয়ার বিষয়েও কথা বলেন রায়হান। তাঁর দাবি, পুলিশের একাধিক সদস্য তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখেন। একই সঙ্গে পুলিশ তাঁকে খুঁজে পাবে না বলেও চ্যালেঞ্জ জানান তিনি।

অন্যদিকে, পুলিশ কর্মকর্তা তাঁকে সেদিনই পুলিশের কাছে আসার আহ্বান জানান এবং আত্মসমর্পণের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে দূরত্বের কারণে সেদিন পুলিশের কাছে যাওয়া সম্ভব নয় বলে জানান রায়হান। কথোপকথনের শেষদিকে ভবিষ্যতে দেখা হওয়ার আশাবাদ জানালেও আত্মসমর্পণের বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানাননি তিনি।

ফোনালাপে ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে আহত করার ঘটনা নিয়েও আলোচনা হয়। রায়হানের দাবি, ঘটনার দিন তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কয়েকজন তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করেন। তবে কেন তাঁর গাড়ির সামনে ও পেছনে লোকজন অবস্থান নিয়েছিলেন, তা জানেন না বলে দাবি করেন তিনি। কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধও ছিল না বলে জানান।

গুলিতে আহত ব্যক্তিদের প্রসঙ্গ তুলে পুলিশ কর্মকর্তা ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করেন। জবাবে রায়হান দাবি করেন, তাঁর কারণে কোনো গরিব বা অসহায় মানুষের ক্ষতি হচ্ছে না। কথোপকথনে কাদের নামের এক ব্যক্তির প্রসঙ্গও আসে। ওই ব্যক্তিকে শনাক্ত করতে সহযোগিতা করতে পারবেন কি না, জানতে চাইলে রায়হান বলেন, তিনি কারও সঙ্গে বেইমানি করতে পারবেন না। তবে এ বিষয়ে সরাসরি বসে কথা বলার আগ্রহ প্রকাশ করেন।

সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। পুলিশের ভাষ্য, ওই এলাকায় রায়হানের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে চিনে আটকানোর চেষ্টা করলে তাঁর সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যান।

পরদিন মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান। তবে আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আহত ব্যক্তিদের কারও আর্থিক সহায়তা প্রয়োজন হলে তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঢাকা পোস্টকে বলেন, সুয়াবিলের ঘটনার পর তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হলে পুলিশের হাতছাড়া হয়ে যাওয়ার পর রায়হান তাঁকে ফোন করেন। তখন তিনি কৌশলে আত্মসমর্পণের প্রস্তাব দেন। রায়হানের মধ্যে ক্রসফায়ারের আশঙ্কা থাকায় তাঁকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তারেক আজিজ আরও বলেন, রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা এখনো চলছে। তাঁর আত্মসমর্পণের আগ্রহ কতটা বিশ্বাসযোগ্য—এমন প্রশ্নে তিনি বলেন, কাউকে পুরোপুরি বিশ্বাস করার সুযোগ নেই। পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছে এবং তাঁকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

রায়হান আত্মসমর্পণ করতে চাইলে পুলিশ সহযোগিতা করবে কি না, জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যেভাবেই হোক তাঁকে আইনের আওতায় আসতে হবে। সেটি গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের মাধ্যমে হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement