চাঁদপুরে পিস্তল-গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

চাঁদপুরে পিস্তল-গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৮, ২৫ নভেম্বর ২০২৬

চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ তৈরি হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একটি চেকপোস্ট বসায়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনক চলাচলের কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তাঁদের মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে পিস্তলের একটি ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, পিস্তলটি তাঁর চাচা নাহিদ হোসেনের। শখ করে পিস্তলটি হাতে নিয়ে তিনি ছবিটি তুলেছিলেন।

আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ হোসেন ও তাঁর ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement