ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার উল্টে নিহত ১

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার উল্টে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি:

Published : ১৪:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেটকার উল্টে রাসেল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া একই পরিবারের আরো ৭ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক দিনাজপুর সদর থানার ডায়াবেটিস মোড় এলাকার সৈয়দ আফরোজ ইসলামের ছেলে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের গরুহাটি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে রাণীশংকৈল থেকে একটি প্রাইভেটকার যোগে বেশ কয়েকজন যাত্রী বালিয়াডাঙ্গী অভিমুখে যাচ্ছিল।

পথিমধ্যে নেকমরদ বাজারের গরুহাটির সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে রাসেল ইসলাম মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৭ যাত্রী।

আহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফ হোসেনের ছেলে তন্ময় (১৮), মধ্য ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২), বটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫), হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০), হরিপুর মেদেনী সাগর এলাকার রেজওয়ানুল হকের মেয়ে রাদিয়া, দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল (১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে জুনায়েদ (১৮)।

দুর্ঘটনাকবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এসআই সহিদুল ইসলাম।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, শুক্রবার বিকালে তারা প্রাইভেটকারযোগে বালিয়াডাঙ্গী অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement