রংপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা তুষার ফের রিমান্ডে
Published : ১৯:৪৪, ১ অক্টোবর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে পৃথক হত্যা মামলায় ৩ দফায় রিমান্ডে নেওয়া হলো তাকে।
আজ মঙ্গলবার সকালে রংপুর চিফ মেট্রোপলিটন কোতোয়ালি আদালতের বিচারক আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আন্দোলনে নিহত সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ২৯ সেপ্টেম্বর কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তুষার কান্তি মন্ডলকে। আজ শুনানীর জন্য হাজিরার দিন ধার্য ছিল।
তুষার কান্তি মন্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিন এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় ১১টি মামলা রয়েছে।
বিডি/এন



































