গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Published : ১২:৪৯, ২ অক্টোবর ২০২৪
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আছাদুল ইসলাম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কে ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আছাদুল ইসলামের বাড়ি জেলার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আলতাফ হোসেন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন ৩ জন। বিপরীতে বাদিয়াখালীর দিকে যাচ্ছিল একটি ট্রাক।
পথে ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ আরোহীরা ছিটকে পড়ে যায়। এ সময় প্রচন্ড রক্তক্ষরণে মোটরসাইকেল চালক আছাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে আছাদুল ইসলাম নামে একজন মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
বিডি/ও



































