ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

Published : ১৩:০৫, ২ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ায় মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কোর্টপাড়া এলাকার একটি চার তলা ভবনের ছাদ থেকে ফেলে রুবেল হোসেন (২২) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বুধবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহত রুবেল হোসেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।

জানা যায়, কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলায় ছাত্রাবাসে থাকতেন রুবেল। স্থানীয়রা তাকে রশি দিয়ে হাত-পা ও কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রুবেলের মৃত্যু হয়।

নিহত রুবেলকে হাসপাতালে নিয়ে যাওয়া মেসের এক বাসিন্দা বলেন, ‘তিন তলায় ৩টি রুমে আমরা ৯ জন থাকতাম। রুবেলের রুমে তিনজন থাকতেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিৎকারের শব্দ শুনে নিচে নেমে এসে দেখি হাত-পা ও মুখ বাধা অবস্থায় রুবেল পড়ে আছে। তখন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। বিকাল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখেছি। সন্ধ্যার পরে একসঙ্গে ছাত্রাবাসের খরচের হিসেব করেছি। তবে এই ঘটনা কীভাবে, কারা ঘটিয়েছে সেটা জানি না।’

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুন চক্রবর্তী বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় রাত ১১টার দিকে রুবেল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এ বিষয়ে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement