জুলাই গণঅভ্যুত্থানে পালানো ২,২৪৭ বন্দির ১,৫৫৭ জন কারাগারে ফেরত, এখনও পলাতক ৬৯০
Published : ১৩:৫৮, ১৮ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। তবে এখনো ৬৯০ জন বন্দি পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকায় কারা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।
তিনি জানান, নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দির মধ্যে ৬৬০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে বাকি ১৬৬ বন্দির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
কারাগারে মাদক প্রবেশ ও এর সঙ্গে কারারক্ষীদের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কারা অধিদপ্তর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই বছরে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ছোটখাটো অপরাধের কারণে প্রশাসনিকভাবে ৩০৩ জনকে বিভিন্ন বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন বলেন, কোনো কারারক্ষী মাদকসংক্রান্ত অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।


































