নিখোঁজ ব্যক্তিদের খোঁজে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের যৌথ উদ্যোগ
Published : ২০:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রি ও সেবাদানের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও প্রতিষ্ঠানটি অংশ নিচ্ছে। সেই দায়বদ্ধতা থেকেই নিখোঁজ মানুষের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে মুন অ্যালার্টের সঙ্গে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ ও ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা এবং আগের রিপোর্টের তথ্য অনুসরণ করা যাবে।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, দেশজুড়ে ওয়ালটন প্লাজাগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এই বিস্তৃত নেটওয়ার্ক ও প্লাজার টিভি স্ক্রিন নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে কাজে লাগানো সামাজিক দায়বদ্ধতার অংশ।
তিনি আশা প্রকাশ করেন, উদ্যোগটি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে পেতে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে ভূমিকা রাখবে।
যাচাইকৃত তথ্য ছড়িয়ে দেওয়ার উদ্যোগ
মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, যাচাই করা তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
তিনি জানান, ওয়ালটন প্লাজার দেশব্যাপী নেটওয়ার্ক এমন অনেক জায়গায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে, যেখানে মুন অ্যালার্টের একার পক্ষে পৌঁছানো কঠিন। এ মানবিক উদ্যোগে ওয়ালটন প্লাজাকে পাশে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন।


































