যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশ তৃতীয়, রপ্তানি কমেছে ৪.৪৩%

যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশ তৃতীয়, রপ্তানি কমেছে ৪.৪৩% ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৩, ৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে পতনের হার আগস্টে কিছুটা কমলেও দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারকের অবস্থান হারিয়েছে বাংলাদেশ। চীনকে পেছনে ফেলে জুলাই পর্যন্ত দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ আগস্ট শেষে তৃতীয় স্থানে নেমে গেছে।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি–আগস্ট সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৫৩৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি কমেছে ৪ দশমিক ৪৩ শতাংশ।

অন্যদিকে একই সময়ে চীন যুক্তরাষ্ট্রে ৫৬৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। দেশটির রপ্তানি কমেছে ২৯ দশমিক ৩৯ শতাংশ। ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে রপ্তানি ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটি ডলার।

প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রের সামগ্রিক তৈরি পোশাক আমদানিও কমেছে। অটেক্সার তথ্য অনুযায়ী, দেশটি এ সময়ে প্রায় ৪৯ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪২ শতাংশ কম।

পরিমাণের হিসাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। এর বিপরীতে প্রতি বর্গমিটার পোশাকের গড় আমদানি মূল্য বেড়েছে ১ দশমিক ৭১ শতাংশ। তবে বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের গড় মূল্য কমেছে।

জানুয়ারি–আগস্ট সময়ে বাংলাদেশ প্রায় ১৭৬ কোটি বর্গমিটার পোশাক রপ্তানি করেছে। এ পরিমাণ গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম। প্রতি বর্গমিটার পোশাকের গড় রপ্তানি মূল্য ছিল ৩ দশমিক ০৭ ডলার, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৭৩ শতাংশ কম।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পাশাপাশি চীন ও ভারতও বড় ধরনের পতনের মুখে পড়েছে। প্রথম আট মাসে ভারতের পোশাক রপ্তানি কমেছে ২৬ দশমিক ৪৪ শতাংশ। পাকিস্তানের কমেছে ৩ দশমিক ৮৩ শতাংশ। তবে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার রপ্তানি যথাক্রমে ২ দশমিক ৫৮ শতাংশ ও ৬ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পোশাক সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। জানুয়ারি–আগস্ট সময়ে দেশটি ১ হাজার ৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৭৬ শতাংশ কম। ভিয়েতনামের প্রতি বর্গমিটার পোশাকের গড় মূল্য ছিল ৩ দশমিক ৫৪ ডলার।

দামেও বাংলাদেশ চীনের তুলনায় এগিয়ে রয়েছে। চীনের প্রতি বর্গমিটার পোশাকের গড় মূল্য ৯ দশমিক ৯৩ শতাংশ কমে ১ দশমিক ৪৭ ডলারে নেমেছে। বিপরীতে বাংলাদেশের গড় মূল্য ৩ দশমিক ০৭ ডলার। পাকিস্তান থেকে রপ্তানি হওয়া পোশাকের গড় মূল্য ছিল ২ দশমিক ৭৮ ডলার।

শেয়ার করুনঃ
Advertisement