সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে
Published : ১০:৩৪, ৯ আগস্ট ২০২৬
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
একই সময়ে অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকেও ফল জানা যাবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। দাখিল পরীক্ষার্থীদের জন্য SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১১ আগস্ট থেকে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরেও ফল জানা যাবে।


































