এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৯:৩৭, ১০ আগস্ট ২০২৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফল প্রকাশের অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলসংক্রান্ত প্রয়োজনীয় নথি হস্তান্তর করবেন। আনুষ্ঠানিকতা শেষে দুপুর থেকে পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো— eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd

ওয়েবসাইটে প্রবেশের পর পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর পরীক্ষার ফল দেখা যাবে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও মিলবে ফল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল ডাউনলোডের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ‘Result’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করতে বলা হয়েছে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএসে ফল জানার নিয়ম

মুঠোফোনে এসএমএস পাঠিয়েও দ্রুত ফল জানা যাবে। সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

SSC DHA 123456 2026

এরপর তা পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে। এখানে ‘DHA’-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর ব্যবহার করতে হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে—

SSC MAD 123456 2026

আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের লিখতে হবে—

SSC TEC 123456 2026

উভয় ক্ষেত্রেই এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

প্রতিটি ফিরতি এসএমএসের জন্য সব ধরনের করসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এ আবেদন করা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন জমা দিতে হবে।

শেয়ার করুনঃ
Advertisement