‘যে যতটুকু পড়েছে, সে অনুযায়ী নম্বর পেয়েছে’: শিক্ষামন্ত্রী
Published : ১৬:২১, ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্ত নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষার খাতায় শিক্ষার্থীর পড়াশোনা ও পারফরম্যান্সের ভিত্তিতেই নম্বর দেওয়া হয়েছে। তাই ফলাফল নিয়ে অযথা প্রশ্ন তোলার সুযোগ নেই।
সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। শিক্ষার্থীরা পরীক্ষায় যে নম্বর পেয়েছে, তার ভিত্তিতেই ফলাফল দেওয়া হয়েছে।’
তিনি বলেন, অনেক শিক্ষার্থী ভালো করার যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষার সময় প্রত্যাশিত ফল করতে পারে না। তবে পরীক্ষার খাতা মূল্যায়নে কোনো ধরনের ভুল-ত্রুটি হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।
এহছানুল হক মিলন জানান, পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের বিষয়ে আইন পরিবর্তন করা হয়েছে। এখন কোনো শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করলে তার পুরো খাতা পুনরায় পরীক্ষা করা হবে। কোথাও ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগামী বছরের এসএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। পরবর্তী সময়ে ধীরে ধীরে পরীক্ষার সময় আরও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।
সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

































