নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলে শতভাগ জিপিএ-৫
Published : ১৬:২৭, ১০ আগস্ট ২০২৬
সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও এসএসসি পরীক্ষায় অসাধারণ ফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। প্রতিষ্ঠানটির ৩৮২ জন পরীক্ষার্থীই পাস করেছে এবং সবাই জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। কেউ নেচে, কেউ গেয়ে আবার কেউ সহপাঠীদের জড়িয়ে ধরে সাফল্য উদ্যাপন করেন। শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে যোগ দেন শিক্ষক ও অভিভাবকেরাও। অনেক অভিভাবক মিষ্টি নিয়ে স্কুলে আসেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, শিক্ষকদের নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, সঠিক দিকনির্দেশনা, গাইড টিচারের মাধ্যমে হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা এই সাফল্যের অন্যতম কারণ।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মিলয় দেবনাথ বলেন, ‘আমিসহ সব বন্ধু জিপিএ-৫ পেয়েছে। তাই সবাই মিলে নেচেগেয়ে আনন্দ করছি। এমন ফলের পর এত দিনের পরিশ্রমের কষ্ট ভুলে গেছি। মা-বাবা খুশি হয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসিতে ভালো ফল করে আসছে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। গত বছরও প্রতিষ্ঠানটির ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল।
এর আগে ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন, ২০২২ সালে ২৬৬ জনের মধ্যে ২৬৬ জন এবং ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন জিপিএ-৫ পেয়েছিল। এরও আগে ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন, ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন এবং ২০১৭ সালে ১৬৪ জনের মধ্যে ১৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সারা দেশের ফলাফল বিশ্লেষণ করলে তাঁদের প্রতিষ্ঠান দেশসেরা অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সময়োপযোগী ও উদ্ভাবনী চিন্তাভাবনার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, শুধু একাডেমিক ফলাফল নয়, সহশিক্ষা কার্যক্রমেও দেশসেরা অবস্থান ধরে রাখাই তাঁদের লক্ষ্য।
২০০৮ সালে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় মানসম্মত শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা ও তাঁর স্ত্রী নাছিমা বেগম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, নরসিংদীর মতো মফস্সল শহরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। শিক্ষার্থীদের সাফল্যে তিনি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা ফলের ধারাবাহিকতা এবারও অব্যাহত রয়েছে।’
Auto

































