রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান
Published : ১৭:৫৩, ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আগামী পাঁচ বছরের জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রবিন খান। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এর আগে রবিন খান বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
রবিন খান দেশের গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। বর্তমানে তিনি আবাসন খাতের প্রতিষ্ঠান দেশা হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং আনান প্যাক (বিডি) লিমিটেডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড (আইসিএল), রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস ক্লিনিক), ডেন্টাল কলেজ এবং রংপুর গ্রুপের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন। দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর প্রোগ্রাম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি রবিন খান নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন। তার প্রযোজিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘নীল নাকফুল’, ‘ছায়া মানবী’, ‘শিউলির বিয়ে’, ‘অন্যমন’, ‘মতি মাস্টারের মেয়ে’, ‘ডেউয়া পোলাউ ডট কম’ ও ‘অজানা আতঙ্ক’। এর মধ্যে ‘ছায়া মানবী’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দীর্ঘ পর্বের প্যাকেজ নাটকগুলোর অন্যতম।
তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মন দেবো মন নেবো’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
রবিন খান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর সহসভাপতি হিসেবে টানা তিন মেয়াদ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং ডিরেক্টরস গিল্ডের সদস্য।
এ ছাড়া বনানী ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব লিমিটেড ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের পর রবিন খান বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, মানসম্মত গবেষণার প্রসার এবং সৃজনশীলতার বিকাশের মাধ্যমে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, উদ্ভাবনমুখী ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চান।

































