রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে
Published : ১৭:৪১, ১৬ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৭ সালের ৮ জানুয়ারি থেকে শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য ভর্তি কমিটির কাছে পাঠানো হবে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ প্রশাসক এবং সংশ্লিষ্ট অনুষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে এশিয়া পোস্টকে জানান, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট দিয়ে শুরু করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি আবেদনের সময়সীমা ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
এবার ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাতটি শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
তবে ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন সূচি ও কেন্দ্রসংক্রান্ত সিদ্ধান্ত ভর্তি কমিটির চূড়ান্ত অনুমোদনের পরই কার্যকর হবে।

































