সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো

সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৯ এপ্রিল আদালতে দাখিল করার দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) এটি হওয়া উচিত ছিল, কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনের সঙ্গে হাজির না হওয়ায় বিচারক নতুন দিন নির্ধারণ করেন।

গত বছরের ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল।

পরে ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহের মামা রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, নিহত সালমান শাহের বোন নিলুফার জামান চৌধুরী ও পরিবারের সদস্যরা সেবেদিন তার শয়নকক্ষে গিয়ে দেখেন, সালমান নিথর অবস্থায় শুয়ে আছেন, আর কয়েকজন নারী তার হাতে-পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে বসে ছিলেন সামিরার আত্মীয় রুবি। পরে সালমানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি অনেক আগেই মারা গেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের কেউ মারা গেলে প্রমাণ সাপেক্ষে তাদের দায় থেকে অব্যাহতি দেওয়া হবে। মামলায় বলা হয়েছে, পলাতক ও এজাহারনামীয় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের সঙ্গে যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন।

এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement