শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দিতে চায় সরকার : তথ্যমন্ত্রী

শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দিতে চায় সরকার : তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ‘আর্টিস্ট ক্লাব লিমিটেড’ আয়োজিত ‘সংগীত ও নৃত্যের একক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

Published : ০১:৩৬, ১৭ মে ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সৃজনশীল মানুষ ও শিল্পীদের যে মর্যাদা ও সম্মান দেওয়া উচিত, সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সেই পর্যায়ে পুরোপুরি পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

রাজধানীর একটি হোটেলে আর্টিস্ট ক্লাব লিমিটেড আয়োজিত ‘সংগীত ও নৃত্যের একক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিল্পী হওয়া কেবল সিদ্ধান্তের বিষয় নয়, এটি অনেকাংশেই প্রকৃতিপ্রদত্ত একটি গুণ। যারা সৃষ্টিশীল অনুভূতি ও শিল্পচর্চার সঙ্গে সম্পৃক্ত, তারাই প্রকৃত অর্থে শিল্পী।

তিনি আরও বলেন, “প্রকৃতিই নির্ধারণ করে দেয় কারা শিল্পী হওয়ার যোগ্যতা রাখেন। বাকিটা চর্চা, সাধনা ও অর্জনের বিষয়।”

শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকার শিল্প ও সংস্কৃতির বিকাশে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে। সরকারের এই সদিচ্ছা সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মুস্তাফা–র লাইভ সংগীত পরিবেশনা এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ–এর নৃত্য পরিবেশনা। সংগীত ও নৃত্যের সমন্বিত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শুরুতে আর্টিস্ট ক্লাবের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে ক্লাবের সম্মানসূচক সদস্যপদ প্রদান করা হয় এবং প্রতীকী চাবি তুলে দেওয়া হয়।

সুজিত মুস্তাফা–র সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ কবির স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement