ঈদে ‘বউয়ের মামলা’ নিয়ে আসছেন মোশাররফ করিম

ঈদে ‘বউয়ের মামলা’ নিয়ে আসছেন মোশাররফ করিম

হ্নদয় খান

Published : ১৭:৫২, ৩০ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য নতুন নাটক ‘বউয়ের মামলা’ নিয়ে হাজির হচ্ছে লেজার ভিশন। নাটকটিতে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে, যিনি স্ত্রীর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন।

নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম এবং কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শামীম সিকদার। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং মানবিক জটিলতাকে হাস্যরসাত্মক উপস্থাপনায় তুলে ধরা হয়েছে এতে।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, আনিসুর রহমান বরুণ, শেলী আহসান, রেশমা আহমেদ, প্রীতি আহমেদ, সিদ্দিক মাস্টার, জহিরুল হক, আয়মান শুভ এবং রানা আহমেদ।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন শামসুল ইসলাম লেলিন, জে এইচ চঞ্চল এবং রেজিন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন টিডি দীপক। আবহ সঙ্গীত পরিবেশন করেছেন তানজিল হাসান।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আজ ৩০ মে বিকেলে তাদের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। নির্মাতাদের প্রত্যাশা, হাস্যরস, পারিবারিক নাটকীয়তা এবং বাস্তব জীবনের নানা দিকের সমন্বয়ে ‘বউয়ের মামলা’ ঈদের দর্শকদের জন্য একটি উপভোগ্য বিনোদন হয়ে উঠবে।

শেয়ার করুনঃ
Advertisement