ঈদের নাটকে বৈচিত্র্যময় চরিত্রে হাজির হচ্ছেন সংগীতা চৌধুরী
Published : ০৪:০৯, ১৬ মে ২০২৬
সংগীতা চৌধুরী ঈদুল ফিতর উপলক্ষে একাধিক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।
অভিনয় ও বাচিকশিল্পে সমান দক্ষ এই শিল্পী বর্তমানে দীপ্ত টেলিভিশন-এর জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পরম্পরা’য় ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন। পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও ইংরেজি সিরিয়ালে কণ্ঠদানের মাধ্যমেও তিনি নিজের সৃজনশীলতা প্রকাশ করে চলেছেন।
এবারের ঈদ আয়োজনে নির্মাতা সাইফ আহমেদ ও জাকারিয়া শৌখিন-এর দুটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে।
ঈদের কাজ প্রসঙ্গে সংগীতা চৌধুরী বলেন, “এবার ঈদে এখন পর্যন্ত দুটি নাটকের কাজ করছি। সাইফ আহমেদের সাত পর্বের ধারাবাহিক ‘ভাত হাসান’-এ আমি একজন সমসাময়িক উপস্থাপিকার চরিত্রে অভিনয় করেছি। এটি একটি মজার ও কমেডি ঘরানার কাজ। এখানে প্রিয় শিল্পী মোশাররফ করিম-এর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে।”
তিনি আরও বলেন, “জাকারিয়া শৌখিনের ‘কাজল চোখের মেয়ে’ নাটকে আমি একটি সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছি। দুটি চরিত্রই আমার কাছে চ্যালেঞ্জিং ও আকর্ষণীয় মনে হয়েছে। দর্শকদের ভালো লাগলেই আমার ঈদের কাজ সার্থক হবে।”
সংগীতা জানান, আরও একটি ঈদের নাটকে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে। একই সময়ে একাধিক নাটকের প্রস্তাব পাওয়ায় চরিত্র বিবেচনা করেই কাজ নির্বাচন করছেন তিনি।
সম্প্রতি মা দিবস উপলক্ষে নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত গ্রী- এসির একটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানান এই অভিনেত্রী।
এছাড়া নতুন একটি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলেও জানিয়েছেন সংগীতা চৌধুরী।

































