সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিতে হবে : সংস্কৃতি মন্ত্রী
Published : ১১:১৬, ১৮ মে ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের হারিয়ে যাওয়া প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে হবে।
আজ যশোর জেলা শিল্পকলা একাডেমি ও যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সংস্কৃতি মন্ত্রী যশোরের ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠান দুটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি, পাণ্ডুলিপি এবং গ্রন্থসম্ভার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী এসব সংগ্রহকে জাতির ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানচর্চার অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন।
পরে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বক্তারা প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তারা সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিকায়ন এবং ঐতিহ্য সংরক্ষণে সরকারের কার্যকর সহায়তা কামনা করেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, যশোর বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ। এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য শুধু স্থানীয় নয়, এটি জাতীয় গৌরবের অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার কাজ করছে।
তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও চ্যালেঞ্জ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, দুষ্প্রাপ্য সংগ্রহ সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তারা, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

































