লুবাবার জীবনসঙ্গী কে এই হাফেজ মুনির
Published : ১৩:৪৭, ২ এপ্রিল ২০২৬
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম হয়েছে। সম্প্রতি তার নিজস্ব ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকেই মূলত বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শুরু হয়।
ওই পোস্টে লুবাবা তার জীবনসঙ্গীর ইঙ্গিত দিয়ে একটি ছবি শেয়ার করেন, তবে সেখানে বর-কনের মুখ পরিষ্কারভাবে দেখা যায়নি। একই সঙ্গে পাত্রের পরিচয় গোপন রাখায় নেটিজেনদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়। অনেকেই তার হবু জীবনসঙ্গী কে—তা জানতে আগ্রহ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
পরবর্তীতে জানা যায়, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মাহমুদ বিন মুনির নিজেই। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে একেবারে ঘরোয়া পরিবেশে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু না জানিয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
জানা গেছে, মাহমুদ বিন মুনির বর্তমানে পারিবারিক ব্যবসার কারণে কুয়েতে বসবাস করছেন এবং ২০২১ সাল থেকে সেখানেই অবস্থান করছেন। কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা রয়েছে। তিনি পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার পর কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদরাসায়।
লুবাবার সঙ্গে তার সম্পর্কের শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত একটি মুখ। তিনি প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান।
তবে গত বছরের শেষের দিকে হঠাৎ করেই তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। পরে তিনি জানান, আর প্রকাশ্যে আসবেন না। তার মা গণমাধ্যমকে জানান, লুবাবা ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান।
বিডি/এএন


































